৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এখন থেকে সরকারের সমালোচনা একটু কম করব : আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, অধ্যাপনাজীবনে ফেরত গিয়েছি। এখন আমার চিন্তা ভালো কিছু রিসার্চ করা। ভালো কিছু উপন্যাস লেখা। সরকারের সমালোচনা আগের চেয়ে একটু কম করব।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাইরে থেকে অনেক কিছু সহজ মনে হলেও বাস্তবে তা অনেক বেশি জটিল ও কঠিন। তাই সমালোচনা করার সময় আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে।

মব জাস্টিস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দৃঢ়তা দেখাতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যাওয়া এবং প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছিল।

ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের নীরব থাকা একটি বড় ব্যর্থতা। “এটা আমাদের চরম ব্যর্থতা,”—বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো ভাঙচুর হয়নি। তবে পরবর্তী সময়ে উসকানিমূলক বক্তব্যের কারণে কিছু ঘটনা ঘটে। এ ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যও পরিস্থিতি উত্তেজিত করতে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।