৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও সবার জন্য সহজলভ্য করতে সরকার প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবাকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও সর্বজনীন করতে সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবেন।

এছাড়া হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য এবং অনেক চিকিৎসকের অনিয়মিত উপস্থিতির কারণে রোগীরা ভোগান্তিতে পড়ছেন বলেও উল্লেখ করেন তিনি। এসব সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।