৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে: দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে: দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ হিসেবে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়—১০০ শতাংশ। এতে কোনো প্রশ্ন নেই।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, ইরানের অবশিষ্ট পারমাণবিক উপাদান সম্ভাব্য যেকোনো শান্তিচুক্তির আওতায় আনা হবে। তবে ইউরেনিয়াম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে ট্রাম্প বলেন, সবকিছুই সম্পূর্ণভাবে সমাধান করা হবে, অন্যথায় তিনি এ চুক্তিতে যেতেন না।

উল্লেখ্য, ইরানে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর নির্ধারিত সময়সীমার শেষ মুহূর্তে এসে ট্রাম্প অন্তত দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখতে সম্মত হন।

তবে এই যুদ্ধবিরতির ক্ষেত্রে একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণ ও নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখে, তাহলেই এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। অন্যথায় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে।