বেন গুরিয়ন বিমানবন্দর এবং হাইফা এলাকা পর এবার ইসরাইলের নিওত হোভভ শিল্পাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। সেখান থেকে বিপজ্জনক রাসায়নিক চুইয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে বলে রোববার (২৯ মার্চ) বিকালে ইসরাইলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের শকওয়েভে একজন আহত হয়েছেন। ৪০ নম্বর হাইওয়ে বন্ধ করা হয়েছে এবং নাগরিকদের বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। হোম ফ্রন্ট কমান্ড এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং জানালা ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, আঘাতটি সম্ভবত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ঘটেছে। দফায় দফায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হলেও প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে। দক্ষিণ ইসরাইলের নেগেভ মরুভূমি থেকে আকাশে ঘন কালো ধোঁয়া দেখা গেছে, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
সূত্র: দ্যা টাইমস অব ইসরাইল