২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের বিরুদ্ধে আর লড়তে চান না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান থেকে যুক্তরাষ্ট্র সরে আসার কথা বিবেচনা করছে। স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তাই মধ্যপ্রাচ্যে আমাদের বড় আকারের সামরিক কার্যক্রম গুটিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তার এই বক্তব্যকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের সম্ভাব্য সমাপ্তির সবচেয়ে জোরালো সংকেত হিসেবে দেখা হচ্ছে।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ও পেন্টাগনের পূর্বাভাস অনুযায়ী এই সামরিক মিশন সম্পন্ন করতে আনুমানিক ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে।

অন্যদিকে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানি তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ২০ মার্চের আগে জাহাজে বোঝাই করা ইরানি অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এই ছাড় ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

অপরদিকে ইরানও আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শত্রুদের ওপর ‘চরম আঘাত’ হানার দাবি করেন। এর পরপরই ইরান সৌদি আরব ও ইসরাইলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর প্রতিক্রিয়ায় শনিবার (২১ মার্চ) ভোরে ইসরাইলি সামরিক বাহিনী তেহরানে শাসকগোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এর আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেন যে, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন (রেজিম চেঞ্জ) এখন আর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়। যদিও গত ২৮ ফেব্রুয়ারি ওয়াশিংটন ও ইসরাইল যৌথভাবে যে সামরিক অভিযান শুরু করেছিল, তার একটি বড় লক্ষ্য ছিল ইরানের সরকারকে দুর্বল করা।

সূত্র: দ্য গার্ডিয়ান