১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের প্রতি সংহতি জানালেন রুশ মুসলিম নেতারা

রাশিয়ার রাজধানী মস্কোতে রমজানের শেষ শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে রুশ মুসলিম নেতারা ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রশংসাও করেন।

মস্কোয় অনুষ্ঠিত বার্ষিক ‘ইরানিয়ান নাইট’ অনুষ্ঠানে গাজা ও ফিলিস্তিনের শহীদদের স্মরণ করা হয় এবং চলমান সংঘাতে ইরানের বিজয়ের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি, রাশিয়ার মুসলিম ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধানসহ বিভিন্ন শিয়া ও সুন্নি মুসলিম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে কাজেম জালালি বলেন, আন্তর্জাতিক কুদস দিবসে ইরানে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে। তিনি দাবি করেন, বাহ্যিক চাপ বা হামলার মাধ্যমে ইরানের জনগণকে পরাজিত করা সম্ভব নয়।

তিনি সাম্প্রতিক হামলায় নিহতদের স্মরণ করে বলেন, ইরানের জনগণ ত্যাগ ও প্রতিরোধের পথ বেছে নিয়েছে এবং তারা ইমাম হুসাইন (আ.)–এর আদর্শ অনুসরণ করছে।

রাষ্ট্রদূত আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে রাশিয়া ও ইরান একসঙ্গে রয়েছে। এ সময় তিনি রুশ সরকার ও জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রুশ রাজনৈতিক বিশ্লেষক ও কর্মী ম্যাক্সিম শেভচেঙ্কো ইরানের অবস্থানকে সমর্থন করে বক্তব্য দেন। তিনি বলেন, নিপীড়িতদের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে ইরান সব সময় দৃঢ় অবস্থান নিয়েছে।

শেভচেঙ্কো ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং বলেন, ইরান বর্তমানে “চরম অশুভ শক্তির” লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে শেষ পর্যন্ত ইরানের জনগণই বিজয়ী হবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে মিনাবের একটি স্কুলে বোমা হামলায় নিহত শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে ভিডিও প্রদর্শন করা হয়, যা উপস্থিতদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি করে।