ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থনের ঘোষণা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-র সঙ্গে ফোনালাপে এই সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আরাঘচি অভিযোগ করেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যেই ওয়াশিংটন দ্বিতীয়বারের মতো ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ইরানের ‘লাল রেখা’ অতিক্রম করেছে। তিনি আরও বলেন, “ইরানের সামনে সর্বশক্তি দিয়ে আত্মরক্ষা ছাড়া কোনো বিকল্প নেই।”
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন ইরানের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে মূল্য দেয় এবং দেশটির বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সমর্থন জানায়। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান, যাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি না পায়।
ওয়াং ই আরও বলেন, বর্তমান জটিল পরিস্থিতিতে ইরান জাতীয় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে। তিনি ইরানে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেন। ইরানও চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছে।