ইমামদের কল্যাণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, চলতি মাসের ২৮ তারিখ প্রকল্পটির প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশকে পাল্টাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে এবং বলা হচ্ছে এতে বিসমিল্লাহ নেই, যা সম্পূর্ণ অসত্য।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, গোলাপি ব্যালটেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। গুম, খুন ও নৈরাজ্যের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
আলী রীয়াজ বলেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত ক্ষমতার কারণে দেশে একসময় ফেরাউনের শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন স্বাধীন না থাকায় মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
তিনি দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার আওতায় আসবে এবং এর ফলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমবে।
জাতীয় ইমাম সম্মেলনে দেশব্যাপী বিভিন্ন জেলার ইমাম ও ধর্মীয় নেতারা অংশ নেন।