মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি থাকা ৭৩ জন বাংলাদেশি জেলেকে দীর্ঘ প্রচেষ্টার পর দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফস্থ জালিয়া পাড়া ট্রানজিট ঘাট দিয়ে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া এসব জেলেদের মুক্ত করতে আরাকান আর্মির সঙ্গে বিজিবির ধারাবাহিক আলোচনা চলে। এই আলোচনার প্রেক্ষিতে সোমবার দুপুরে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্য রেখার উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে জেলেদের হস্তান্তর করার পর তাদের টেকনাফে ফিরিয়ে আনা হয়।
আরাকান আর্মির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জলসীমা অতিক্রম করে মিয়ানমার অংশে প্রবেশ করায় এসব জেলেদের আটক করা হয়েছিল। তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে আরও অন্তত দুই শতাধিক জেলে এবং বেশ কিছু ট্রলার এখনো আরাকান আর্মির কাছে জিম্মি রয়েছে। অবশিষ্ট জেলেদের দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে কূটনৈতিক ও দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে।
ফিরে আসা ৭৩ জন জেলেকে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ উৎকণ্ঠার পর প্রিয়জনদের ফিরে পেয়ে জেলে পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।