১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আরবি ভাষায় দক্ষদের হজগাইড হিসেবে নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদের হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় তিনি হজযাত্রীদের সেবার বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করে বলেন, সেবার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যেতে পারে।

তিনি হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেন, হজযাত্রীদের বাসস্থান, হোটেল ও ফ্লাইট সংক্রান্ত তথ্য তিন দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আপলোড করতে। পাশাপাশি হজ শেষে এজেন্সিগুলোর কার্যক্রম মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো উপস্থাপন করেন।

এতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদারকে কমিটিতে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।