সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ঘটনায় ধ্বংসাবশেষ গায়ে পড়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার (০১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা (স্থানীয় সময় ভোর ৬টা) দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. শাহ আলম ভূঁইয়া (৫০)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের ইসমাইল ভূঁইয়া বাড়ির হানিফ ভূঁইয়ার মেজ ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে ওই এলাকায় ড্রোন হামলার বিপদসংকেত বাজলে স্থানীয়রা নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেন। এ সময় কাজে যাওয়ার পথে শাহ আলম ভূঁইয়ার ওপর ড্রোনের ধ্বংসাবশেষ এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, ইরান থেকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ ওই এলাকায় গিয়ে পড়ে এবং এ দুর্ঘটনা ঘটে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করে। পরে এর ধ্বংসাবশেষ দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় পড়ে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের বাড়িতে শোকের মাতম শুরু হয়। এলাকায়ও নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত শাহ আলমের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।