বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তার দল জুলাই সনদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে এবং এর প্রতিটি দফা বাস্তবায়নের পক্ষে অবস্থান নেয়।
রোববার ভোলা সদর উপজেলার উকিলপাড়াস্থ ‘শান্ত নীড়’-এ নাজিউর রহমান মঞ্জুরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, জুলাই সনদকে ঘিরে বিরোধীদল এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে, যেন তারা সরকারকে জুলাইয়ের বিপরীতে দাঁড় করাতে চায়। তবে বাস্তবে সরকার ও তার দল জুলাই সনদের চেতনা ধারণ করে এবং একই সঙ্গে সংবিধানের প্রতিও শ্রদ্ধাশীল।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক। এ নিয়ে বিরোধীদলের বিভ্রান্তিকর বক্তব্য ও প্রতারণার অভিযোগ অযৌক্তিক এবং তা থেকে সরে আসা উচিত।
এ সময় ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তিনি জানান, সেতুটি নীতিগতভাবে অনুমোদন পেয়েছে এবং শিগগিরই একনেক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেতু নির্মিত হলে ভোলায় বিনিয়োগ বাড়বে, জমির মূল্য বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
পার্থ বলেন, এই সেতু ভোলাবাসীর মৌলিক অধিকার, কারণ তারা দীর্ঘদিন ধরে ভৌগোলিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে।
এছাড়া ভোলা মেডিক্যাল কলেজ অনুমোদনের কথাও উল্লেখ করে তিনি জানান, এটি ভোলা সদরে এমন স্থানে নির্মাণ করা হবে, যাতে জেলার সকল মানুষ এর সুফল ভোগ করতে পারে।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই ভোলার জন্য গুরুত্বপূর্ণ দুটি অর্জন নিশ্চিত হয়েছে।