২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

আফগান সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা পাকিস্তানের ভুল নীতি ছিল: মাওলানা ফজলুর রহমান

আফগান সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা পাকিস্তানের ভুল নীতি ছিল: মাওলানা ফজলুর রহমান

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, আফগানিস্তানে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করে আসা পাকিস্তানের নীতি ভুল ছিল এবং এতে কোনো ফল আসেনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, একটি স্থিতিশীল ও স্বাধীন আফগানিস্তানই পাকিস্তানের স্বার্থে সবচেয়ে উপযোগী। আফগানিস্তানে সরকার উৎখাতের লক্ষ্যে ইসলামাবাদের প্রচেষ্টা শুধু অকার্যকরই নয়, বরং বিদ্যমান সমস্যাগুলো সমাধানেও ব্যর্থ হয়েছে।

মাওলানা ফজলুর রহমান বলেন, “আফগানিস্তান কেবল বর্তমান সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়; দেশটির জনগণ ও জাতিও সমান গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে তার নীতিনির্ধারণে এই বাস্তবতা বিবেচনায় নিতে হবে।”

এদিকে, পাকিস্তানের আওয়ামী ন্যাশনাল পার্টির প্রাদেশিক নেতা মিয়ান ইফতিখার হুসাইন বলেছেন, পাকিস্তান ও ইমারাতে ইসলামিয়ার মধ্যে চলমান উত্তেজনা সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।

তিনি সতর্ক করে বলেন, চলমান সংঘাত উভয় পক্ষের জন্যই গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।

তিনি আরও বলেন, আমরা মনে করি, মুখোমুখি সংঘর্ষের পরিবর্তে সংলাপই হওয়া উচিত। কারণ যুদ্ধ শুরু করা গেলেও এর সমাপ্তি শুরুকারীর হাতে থাকে না; বরং তা পরিস্থিতির ওপর নির্ভর করে।

সূত্র: তোলো নিউজ