৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

আফগানিস্তানের নাঙ্গারহারে ভারী বর্ষণে ১৬ জন হতাহত; পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা

আফগানিস্তানের নাঙ্গারহারে ভারী বর্ষণে ১৬ জন হতাহত; পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে টানা ভারী বৃষ্টি ও ঘরের ছাদ ধসে অন্তত ১৬ জন হতাহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে বলেও তারা জানায়।

বুধবার (৭ এপ্রিল) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুসারে,  সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাদেশিক রাজধানী জালালাবাদ শহরের আঙ্গুর বাগ এলাকা। এছাড়াও শেরজাদ, খোগিয়ানি ও হাস্কা মিনা জেলাগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে।

আফগান কর্তৃপক্ষ জানায়, আঙ্গুর বাগ এলাকায় একটি বাড়ির ছাদ ধসে ৫ জন নিহত ও ২ জন আহত হন। শেরজাদ জেলায় একই ধরনের আরেকটি ঘটনায় এক নারী ও দুই শিশু নিহত হয়। খোগিয়ানি জেলায় আরও একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। হাস্কা মিনায় দুটি বাড়ির ছাদ ধসে এক শিশু মারা গেছে এবং আরও ২ জন আহত হয়েছে।

প্রাদেশিক মুখপাত্র ক্বারি এহসানুল্লাহ ওসমানি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার দল মোতায়েন করা হয়েছে। বেসামরিক ও সামরিক উভয় বাহিনী উদ্ধারকাজে অংশ নিচ্ছে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, টানা বৃষ্টিপাতের কারণে এখনও ঘরবাড়ি ও অবকাঠামোর জন্য ঝুঁকি রয়ে গেছে, বিশেষ করে গ্রামীণ ও পাহাড়ি এলাকায়, যেখানে বাড়িগুলো সাধারণত দুর্যোগ সহনীয় নয়।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে ভারী বৃষ্টি, হঠাৎ বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং দুর্বল অবকাঠামোর কারণে এসব দুর্যোগের প্রভাব আরও বেশি হয়ে উঠছে।

সূত্র : আরিয়ানা নিউজ