৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানের কুনারে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে পাকিস্তানি বাহিনীর হামলা

আফগানিস্তানের কুনার প্রদেশে আবারও শিক্ষা প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। 

প্রাদেশিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নুরি জেলার সঙলা মিডল স্কুলের ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী।

রোববার (২৯ মার্চ) হুররিয়াত রেডিওতে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য পাওয়া যায়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় স্কুলটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; ফলে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এটি একক কোনো ঘটনা নয়। প্রায় দুই সপ্তাহ আগে কুনারের দাংগাম জেলায় অবস্থিত সেন্ট্রাল হাই স্কুলেও একই ধরনের হামলা চালানো হয়। ওই হামলাতেও শিক্ষা প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

স্থানীয়রা বলছেন, ধারাবাহিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলা শিক্ষাব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেমন ঝুঁকির মুখে পড়ছে, তেমনি অঞ্চলে আতঙ্কও বাড়ছে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল দ্রুত এই পরিস্থিতির অবসান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।