আপাতত ভোজ্য তেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে ভোজ্যতেল উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধি যাতে না ঘটে সেটাকে অগ্রাধিকার হিসেবে নিয়েই আমরা পদক্ষেপ নেবো। মূল্য বৃদ্ধির প্রস্তাব সারাবছরই থাকে। যারা বিক্রি করেন তারা সবসময় মূল্য বৃদ্ধি করতে চান অথবা বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেকসময় যুক্তিসঙ্গতভাবেই সেটার আবেদন করেন। তবে এই মুহুর্তে সেটা বলার মতো কিছু আসেনি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মূল্যবৃদ্ধির একটি যৌক্তিকতা রয়েছে।তবে আমাদের প্রথম প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে দেশে কোনো পণ্যের মূল্য যাতে না বাড়ে। সেটাকে লক্ষ্য হিসেবে নিয়েই আমরা পদক্ষেপ নেবো।
এর আগে, উৎপাদক সমিতি সয়াবিন ও পাম অয়েল তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী, বর্তমান দামের চেয়ে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ২০৭ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। তবে বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
বৈঠক সূত্রে জানা যায়, ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধি না করে আমদানি পর্যায়ে শুল্ক ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বাণিজ্য মন্ত্রণালয়।