৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব নারীকে জামায়াতের শুভেচ্ছা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, নারীর নিরাপত্তা-মর্যাদা নিশ্চিত হলেই সত্যিকারের ক্ষমতায়ন সম্ভব।

শনিবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিলা জামায়াতে ইসলামীর মহিলা সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীর মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও মানবিক সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন।

নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সমাজ, রাষ্ট্র ও সভ্যতার অগ্রযাত্রায় নারীর অক্লান্ত শ্রম, ত্যাগ ও অবদানের স্বীকৃতি দিতেই এ দিবসের তাৎপর্য।

তিনি বলেন, এবারের নারী দিবসের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। এই প্রতিপাদ্য শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরী। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা, নির্যাতন ও অনিরাপত্তার ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব যখন তার জন্য ঘরে ও বাইরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত না করে ক্ষমতায়নের কথা বলা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যদিও বিশ্ব রাজনীতিতে নারীর ক্ষমতায়নের বিষয়টি বারবার উচ্চারিত হয়, কিন্তু তাকে ক্ষমতায়িত করার জন্য যে নিরাপদ ও সহায়ক সামাজিক পরিবেশ প্রয়োজন, বাংলাদেশের বাস্তবতায় তার যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত হচ্ছে।