৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তা শুধু বিএনপির জন্য নয়, দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে।

তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, অতীতে শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার ভুল সিদ্ধান্তের খেসারত দীর্ঘদিন দেশের মানুষকে দিতে হয়েছে। আওয়ামী লীগ বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরণ করেছে। সেই দলকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা মানে ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ দেওয়া।

‘হ্যাঁ’ ভোট দেওযার আহ্বান জানিয়ে এনসিপি মুখপাত্র বলেন, ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। এসময় তিনি রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া বগুড়া জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনের জামায়াত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল হক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।