১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না যেসব প্রবাসী

হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কা নগরীতে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, ১৩ এপ্রিল থেকে সরকারি অনুমতি ছাড়া কোনো প্রবাসী মক্কায় প্রবেশ করতে পারবেন না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘অনুমতি ছাড়া হজ নয়’—এই নীতিতে এ বছর হজ কার্যক্রম পরিচালিত হবে, যাতে হাজীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যায়।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রবাসীর কাছে মক্কা থেকে ইস্যুকৃত বৈধ ইকামা, হজের পারমিট বা পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি রয়েছে, কেবল তারাই শহরে প্রবেশ করতে পারবেন। প্রয়োজনীয় অনুমতি না থাকলে চেকপোস্ট থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হবে।

এছাড়া ওমরাহ ভিসায় সৌদি আরবে আসা বিদেশিদের জন্য ১৮ এপ্রিল দেশত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র প্রদান স্থগিত থাকবে।

আরও জানানো হয়েছে, ১৮ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসাধারী মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আবশির ইন্ডিভিজুয়ালস’ ও ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে ইলেকট্রনিকভাবে হজের অনুমতিপত্র সংগ্রহ করা যাবে।

কর্তৃপক্ষ সবাইকে নির্ধারিত বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করেছে, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: সৌদি গ্যাজেট