প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়; এটি সম্মিলিত আত্মত্যাগের ফল। জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করবে। আইন অনুযায়ী অন্যায়কারী ও হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিচারের নামে যেন কারো প্রতি অবিচার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জাতিকে বিভক্ত করে উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য দেশের উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নত করা। কোনো শক্তি যাতে এই লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি দেশ গঠনে ঐক্য ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।