জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য দিতে গিয়ে সময়সীমা নিয়ে এক পর্যায়ে স্পিকারের মন্তব্যের মুখে পড়েন সরকার দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
রোববার (২১ জুন) বিকেলে সংসদ অধিবেশনে বাজেট বক্তৃতার সময় তার জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে বক্তব্য সংক্ষেপ করতে বলেন।
স্পিকার বলেন, “২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন।”
এর আগে বক্তব্যের শুরুতে নিলোফার চৌধুরী মনি বিরোধী দলের সমালোচনা করেন। তিনি কওমি মাদরাসা ও রাজনৈতিক দলীয় অবস্থান নিয়ে মন্তব্য করেন এবং তরুণ সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ প্রসঙ্গ নিয়ে সংসদে দেওয়া কিছু বক্তব্যে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে।
এ সময় স্পিকার জানান, আলোচিত বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচিত হয়েছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য নিজেও তা স্বীকার করেছেন। তিনি এটিকে ‘স্লিপ অব টাং’ হিসেবে উল্লেখ করেন।
সংসদে বাজেট আলোচনার এ পর্বে সময় ব্যবস্থাপনা ও বক্তব্যের বিষয়বস্তু নিয়ে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।