১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ করল ইসি; কোন দল পেল কত?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের বেসরকারি ফলাফল চূড়ান্তভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১৩টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে দলটি।

ইসির তথ্য অনুযায়ী জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৫টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয় পেয়েছে।

প্রথমবারের মতো সংসদে প্রতিনিধিত্ব করতে যাওয়া দলগুলোর মধ্যে গণঅধিকার পরিষদ ১টি গণসংহতি আন্দোলন ১টি এবং জাতীয় পার্টি (বিজেপি) ও বাংলাদেশ খেলাফত মজলিস ১টি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।

তবে আইনি বাধ্যবাধকতা এবং আদালতে মামলা বিচারাধীন থাকায় ৩টি আসনের ফলাফল প্রকাশ আপাতত স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া আসনগুলো হলো শেরপুর-২ চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪। ইসি জানিয়েছে উচ্চ আদালতের চূড়ান্ত আদেশের ওপর ভিত্তি করে এসব আসনের ফলাফল পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করা হবে। চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে আপিল বিভাগে মামলা থাকায় তাদের ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর ফলাফল প্রকাশও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে স্থগিত আসনগুলো বাদে বাকি ২৯৬টি আসনের গেজেট প্রকাশের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশের প্রশংসা করে ইসি কর্মকর্তারা বলেন এই ফলাফল জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এখন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।