জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী, তিনি আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া তার সম্মানে নিউইয়র্কে একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে।
নিউইয়র্কের কর্মসূচি শেষে তিনি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে আয়োজিত দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। পুরো সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এবারের অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সভাপতি উপস্থিত থাকা একটি উল্লেখযোগ্য কূটনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা গেছে। যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সফর উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে এবং নিউইয়র্কে বড় পরিসরের সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা করছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সফরের প্রস্তুতি চললেও এখনো চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হয়নি।
কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক করতে পারেন। পাশাপাশি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে সম্প্রতি মালয়েশিয়া ও চীন সফর করেছেন প্রধানমন্ত্রী। ওই সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।