১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হিজরি নববর্ষ উপলক্ষ্যে আমিরাতে সরকারি ছুটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষ্যে সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী ১৫ জুন (সোমবার) সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ছুটির পর ১৬ জুন (মঙ্গলবার) থেকে নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে।

ছুটি সোমবার পড়ায় যেসব কর্মীর সাপ্তাহিক ছুটি শনিবার ও রোববার, তারা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। অন্যদিকে, শারজাহতে যেসব সরকারি কর্মচারী ও শিক্ষার্থী চার দিনের কর্মসপ্তাহ অনুসরণ করেন এবং যাদের সাপ্তাহিক ছুটি শুক্রবার, শনিবার ও রোববার, তারা সোমবারের ছুটি যুক্ত হয়ে চার দিনের দীর্ঘ ছুটি পাবেন।

হিজরি নববর্ষ ইসলামী চন্দ্রবর্ষের প্রথম মাস মহররমের চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। তবে আমিরাত সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী এবার ১৫ জুন দেশটিতে হিজরি নববর্ষের ছুটি পালন করা হবে।

দুবাইয়ের সরকারি মানবসম্পদ বিভাগ এ উপলক্ষ্যে দেশটির নেতৃত্ব, সরকার ও জনগণসহ সমগ্র মুসলিম বিশ্বের প্রতি শুভেচ্ছা জানিয়েছে এবং দেশটির অব্যাহত উন্নতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেছে।

Home R3