বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সামুদ্রিক পথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দফা মৌখিক ঘোষণার পর হোয়াইট হাউজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকেও এই সংক্রান্ত তথ্য ও মানচিত্র শেয়ার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ট্রাম্প আবারও ঘোষণা দেন, হরমুজ প্রণালি এখন থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড। আমেরিকা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের এই আন্তর্জাতিক জলপথকে মার্কিন ভূখণ্ড দাবি করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ট্রাম্পের এমন দাবিকে ‘দৃষ্টিভ্রম ও মানসিক অসুস্থতা’ আখ্যা দিয়ে তাঁকে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে কটাক্ষ করেছে ইরান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ট্রাম্পের এই আচরণ সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ। তিনি উল্লেখ করেন, এই রোগের প্রধান উপসর্গ হলো বাস্তবতা থেকে দূরে থাকা, বিভ্রান্তি ও দৃষ্টিভ্রম। চিকিৎসকরা এমন রোগীদের সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) নজরদারিতে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত করে দেয় তেহরান, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ওয়াশিংটন প্রণালিটিকে নিরাপদ দাবি করে নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিলেও অঞ্চলটিতে বাণিজ্যিক নৌযান চলাচলে ঝুঁকি ও হামলা অব্যাহত রয়েছে। সূত্র: আল জাজিরা।