ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিদেশি প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের প্রতিনিধিদলের জন্য সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, যা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিদেশি অতিথিদের জন্য খামেনির কফিন রাখা হলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হন। সৌদি আরবের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি।
প্রতিবেদনে বলা হয়, উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশে ইরানের পক্ষ থেকে পবিত্র কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়। এর মধ্যে সৌদি প্রতিনিধিদের শোনানো হয় সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত, যেখানে ঐতিহাসিক বদর যুদ্ধের উল্লেখ রয়েছে।
উক্ত আয়াতে ঈমানদার ও অবিশ্বাসীদের মধ্যকার সংঘর্ষ এবং আল্লাহর সাহায্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। এ আয়াত নির্বাচনের মাধ্যমে ইরান একটি প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা করেছে বলে ধারণা করছে বিশ্লেষকরা।
সংবাদমাধ্যম *ইরান ইন্টারন্যাশনাল* জানিয়েছে, আয়াতটি শোনানোর মাধ্যমে ইরান নিজেদের অবস্থানকে ‘আল্লাহর পথে’ হিসেবে তুলে ধরতে চেয়েছে—এমন ব্যাখ্যাও আলোচনায় এসেছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল