সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের প্রতিটি বৈঠকে সীমান্তে হত্যার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং জোরালোভাবে উত্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে।
নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক চুক্তি না থাকলেও, প্রতিটি আলোচনায় বিএসএফের ওপর জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষতিপূরণের জন্য পরোক্ষ চাপ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক ও কৌশলগত প্রচেষ্টার ফলে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে ‘নন-লেথাল উইপন্স’ বা অমরণঘাতী অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি সংসদকে জানান, সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি নিরলসভাবে কাজ করছে এবং এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।