২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সামরিক বহর ও মিসাইল প্রদর্শন করে ইরানে জাঁকজমক গণবিবাহ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আবহের মধ্যেই ভিন্ন এক বার্তা দিল ইরান। একদিকে যখন অঞ্চলজুড়ে উত্তেজনা ও সংঘাতের আলোচনা চলছে, ঠিক তখনই রাজধানী তেহরানে এক হাজার দম্পতির অংশগ্রহণে আয়োজন করা হয়েছে বৃহৎ গণবিবাহ অনুষ্ঠান। যুদ্ধের ছায়ার মাঝেও ভালোবাসা, পরিবার ও সামাজিক বন্ধনের এই আয়োজন দেশজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহ্যবাহী বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি এতে দেশাত্মবোধক নানা প্রতীক ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ছিল জাতীয় পতাকা, বিভিন্ন প্রতিকৃতি এবং বিলাসবহুল লিমজিনের পরিবর্তে সামরিক যানবাহন।

অনুষ্ঠানের অন্যতম ভেন্যু ইমাম হোসেন স্কয়ারে ১১০টি দম্পতির বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে সামরিক যানগুলো ফুল ও রঙিন বেলুন দিয়ে সাজিয়ে বিয়ের গাড়ি হিসেবে ব্যবহার করা হয়।

সূত্র: আল জাজিরা

Home R3