রাজধানীর সদরঘাটে ঈদযাত্রাকে কেন্দ্র করে নৌকা থেকে লঞ্চে ওঠার সময় দুই লঞ্চের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ এবং এক নারী আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহত নারীকে উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) এ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাত দিয়ে জানা যায়, কেরানীগঞ্জ থেকে আসা যাত্রীরা একটি লঞ্চের পেছন দিক দিয়ে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় অপর একটি লঞ্চ এসে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে।
অভিযোগ রয়েছে, ‘জাকির সম্রাট-৩’ নামের লঞ্চটি দুর্ঘটনার পর দ্রুত টার্মিনাল ত্যাগ করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।