৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ-এর ত্রয়োদশ অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জনগণের প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ সময় তিনি বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনের প্রসঙ্গও তুলে ধরেন।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ের বাস্তবতায় স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি বলে অনেকের মধ্যে অনুভূতি রয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন ডা. শফিকুর রহমান। তবে জাতীয় সংসদের অধিবেশনে এই প্রথমবারের মতো তিনি এমন দাবি উত্থাপন করলেন।