২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শাপলা চত্বরের ঘটনার বিচার নিশ্চিত করবে সরকার: ডা. জাহেদ

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আইন ভঙ্গ করে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনাকে কোনোভাবেই উপেক্ষা করবে না সরকার।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, “শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে, সেটি একটি বড় ধরনের দুর্ঘটনা বা সংকট। যেকোনো কারণে এমন পরিস্থিতি তৈরি হোক না কেন, সরকার যখন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যায়, তখন যদি কোনো আইন লঙ্ঘিত হয়ে থাকে, তার বিচার অবশ্যই হতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের মনে আছে কীভাবে মানুষকে সেখানে ডেকে আনা হয়েছিল, আসতে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেখানে নৃশংস ঘটনা ঘটেছে। এ বিষয়ে সুষ্ঠু বিচার এই সরকারের সময়েই নিশ্চিত করা হবে। সরকার এটিকে উপেক্ষা করার কোনো কারণ দেখছে না।”

উপদেষ্টা বলেন, তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, “সেই সময় বেগম খালেদা জিয়াও এ ঘটনার প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। সুতরাং বর্তমান সরকারের আমলে এ ঘটনার বিচার প্রক্রিয়ায় কোনো বাধা থাকার কথা নয়।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Home R3