লেবাননে অভিযান চালাতে গিয়ে হিজবুল্লাহ-এর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (৩০ মার্চ) দক্ষিণ লেবানন-এ এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর জানিয়েছে টাইমস অব ইসরাইল।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। অপর এক সেনার পরিচয় পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
আইডিএফ জানায়, নিহত ও আহত সেনারা সবাই নাহাল রিকনানসিয়েশন ইউনিটের সদস্য। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে সামরিক অভিযান চালানোর সময় তারা হিজবুল্লাহর সশস্ত্র হামলার মুখে পড়েন।
বিবৃতিতে বলা হয়, খুব কাছাকাছি দূরত্বে উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়েছে। এতে হিজবুল্লাহর বেশ কয়েকজন যোদ্ধাও হতাহত হয়েছে বলে দাবি করা হলেও তাদের সংখ্যা জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ সামরিক অভিযান শুরু করে। এর পর ২ মার্চ থেকে লেবাননেও ইসরাইলি হামলা শুরু হয়।
লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন ১ হাজার ২৪৭ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৬৯০ জন।