১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

লাভ জিহাদের অভিযোগ তুলে আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ করছে হিন্দুত্ববাদীরা

বলিউড অভিনেতা আমির খানের সাম্প্রতিক বিয়ে ঘিরে ভারতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের কর্মীরা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বিহারের ফোর্বসগঞ্জে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা আমির খানের কুশপুত্তলিকা দাহ করেন এবং তার বিরুদ্ধে সরকারি ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভে বজরং দলের নেতা মনোজ সোনি অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে হিন্দু সমাজকে অপমান করছেন। তিনি দাবি করেন, এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এর মাধ্যমে হিন্দু সমাজকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, কেন অভিনেতা মুসলিম নারীদের পরিবর্তে হিন্দু নারীদেরই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন।

সম্প্রতি আমির খান ব্যক্তিগত আয়োজনে মুম্বাইয়ের নিজ বাসভবনে গৌরী স্প্র্যাটকে তৃতীয়বারের মতো বিয়ে করেন। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে তার দুই প্রাক্তন স্ত্রী ও সন্তানরাও উপস্থিত ছিলেন।

এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির খান, যাদের বিচ্ছেদ হয় ২০০২ সালে। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দিলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

গৌরী স্প্র্যাটের পারিবারিক পটভূমি ভিন্নধর্মী—তার মা তামিল এবং বাবা আইরিশ বংশোদ্ভূত। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন ও ফটোগ্রাফিতে পড়াশোনা করেছেন এবং বর্তমানে আমির খান ফিল্মসের সঙ্গে যুক্ত রয়েছেন।

সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম

Home R3