ফেসবুক থেকে ইউটিউব সব জায়গায় এখন একটাই সংলাপ; “রাগ করলা”? কিন্তু যিনি এই সংলাপের মাধ্যমে ভাইরাল হলেন, জানেন কি তার পরিচয়? চলুন জেনে নেই।
একটা সময় রিকশা চালাতেন। প্রায় ১৭ বছর আগে উত্তরের জনপদ লালমনিরহাটের হাতিবান্ধা থেকে এসেছিলেন গাজীপুর। কর্মের সন্ধানে এসে প্রথমেই বেছে নিয়েছিলেন রিকশা চালানো পেশা। এরপর করেছেন আরো নানা কাজ। তবে দিলদার আলি নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে কাজ শুরু করেন স্থানীয় পর্যায়ের নাটকে। ১২-১৩ বছর ধরে ইমান আলি অভিনয় করে আসছেন সেসব নাটকে। কখনোই অভিনয় শিল্পী হিসেবে পরিচিতি পাননি। কিন্তু এখন তার নাম সামাজিক মাধ্যমে মুখে মুখে।
সামাজিক মাধ্যমে নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে “কী রাগ করলা?” সংলাপটি। ফেসবুক পোস্টের ক্যাপশন, কমেন্ট, ইনবক্স চ্যাট থেকে শুরু করে বিভিন্ন ভিডিও কনটেন্টেও ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে সংলাপটি। হাস্যরস, ব্যঙ্গ ও স্যাটায়ারের ভাষা হিসেবে এটি ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
ভাইরাল ভিডিওর ইমান আলিকে প্রথমে অনেকে কবিরাজ বা গণক মনে করলেও, তিনি আসলে একজন অভিনেতা। সম্প্রতি ইমান আলি কন্টয়েন্ট ক্রিয়েটরদের বিভিন্ন কন্টেন্টেও অভিনয় করছেন।
সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টে গণকের চরিত্রে একটি ভিডিও করেন ঈমান আলি। ভিডিওতে তার বাচনভঙ্গি, চোখের ইশারা এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে ‘রাগ করলা? কথা ঠিক না বেঠিক?’ সংলাপটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়েই লাখ লাখ ভিউ ও শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল কনটেন্টে পরিণত হয়।
ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত সড়কে এক ব্যক্তির হাত দেখে ভবিষ্যৎ গণনা করছেন কাঁধে ঝোলা নেওয়া এক গণক। কথোপকথনের মাঝেমধ্যেই তাকে বলতে শোনা যায়, ‘রাগ করলা?’ মূলত তার কথার ধরন ও মানুষকে প্রভাবিত করার ভঙ্গিই দর্শকদের কাছে হাস্যরসের বিষয় হয়ে ওঠে।
এখন সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই সংলাপ ব্যবহার করে নতুন নতুন ভিডিও তৈরি করছেন। কেউ অফিসের বসের সঙ্গে, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে মিল খুঁজে তৈরি করছেন ব্যঙ্গাত্মক কনটেন্ট। ফলে সামাজিক মাধ্যমে ডায়ালগটি এখন এক ধরনের জনপ্রিয় স্যাটায়ারে রূপ নিয়েছে।
আজ থেকে ১৭ বছর আগে গাজীপুর আসি, তখন রিকশা চালানো শুরু করি। এরপর জামালপুরের দিলদার আলি ভাদাইম্যার সঙ্গে পরিচয় হয়। তখন আমি অভিনয় শুরু করি
ঈমান আলি বলছেন, ‘আমি চাইতাম বিনোদন দিয়ে মানুষের কাছে নিজেকে পরিচিত করে তোলার জন্য। আমি পেশাদার কোনো কবিরাজ না। অনেকে আমার ভিডিও দেখে মনে করেছিল আমি বুঝি কবিরাজ। আসলে আমি কবিরাজ না। অভিনয় করি। আমি যখন আজ থেকে ১৭ বছর আগে গাজীপুর আসি, তখন রিকশা চালানো শুরু করি। এরপর জামালপুরের দিলদার আলি ভাদাইম্যার সঙ্গে পরিচয় হয়। তখন আমি অভিনয় শুরু করি।’
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় বেশ খুশি ইমান আলি। বললেন, ‘সবাই বলতেছে ফেসবুকে নাকি আমার ডায়লগ চলতেছে। আমি যেই ভিডিওটা আমার ফেসবুক থেকে ছাড়ছিলাম সেটা ১ কোটি ৬০ লাখ মানুষ দেখছে। সবাই আমার নাম বলে। শুনে খুব ভালো লাগতেছে। একটা টিভি চ্যানেল আমার অনুষ্ঠান করবে। খুব আনন্দ লাগতেছে।’
ইমান আলি সুযোগ পেলে বিভিন্ন মাধ্যমে অভিনয় করতে চান বলেও জানালেন।