যৌন অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় বেলজিয়ামের উপকূলীয় শহর ব্রেডেনের নগ্ন সৈকত এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ভিআরটি এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সৈকতের আশপাশে অশোভন আচরণের ৪৬টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এসব ঘটনার মধ্যে প্রকাশ্যে অশালীন আচরণ ও যৌন কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
ব্রেডেন ও পাশের ডে হান এলাকার দায়িত্বে থাকা পুলিশ জানিয়েছে, গত বছরের তুলনায় এ ধরনের ঘটনা স্পষ্টভাবে বেড়েছে।
পুলিশের মুখপাত্র অ্যান্ডি বোয়ি বলেন, “গত বছরের তুলনায় এ বছর এ ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”
অভিযুক্তরা প্রায়ই সরকারি নগ্ন সৈকতের পাশের সংরক্ষিত বালিয়াড়ি এলাকা স্পানইয়ার্ডডুইন ব্যবহার করে। পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী কয়েক সপ্তাহ দিনে, সন্ধ্যায় ও রাতে হঠাৎ অভিযান চালাবে পুলিশ।
কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করে বলেছে, সৈকতে থাকা সব নির্দেশনা মেনে চলতে হবে এবং নগ্ন অবস্থায় অবস্থান করতে হবে শুধুমাত্র নির্ধারিত সরকারি সৈকত এলাকায়।
সূত্র : দ্য ব্রাসেলস টাইমস