৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যে হিন্দু ভারতে কোনো মুসলমান চায় না, সে হিন্দু নয়: আরএসএস প্রধান

ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাহলে তিনি আর হিন্দু থাকবেন না।

শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কে আয়োজিত ‘ওয়ান ওয়ার্ল্ড: ওয়ান হিউম্যানিটি ফেইথ লিডার্স সামিট’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

মোহন ভাগবত বলেন, ভারতে বিভিন্ন ধর্ম ও মতের মানুষ বসবাস করেন। ঐতিহ্যগতভাবে ভারত সবাইকে আশ্রয় দিয়েছে। বিশ্বের কোথাও যারা নিরাপদ জায়গা পাননি, তারা ভারতে এসে আশ্রয় পেয়েছেন এবং নিজেদের জায়গা করে নিয়েছেন।

তিনি বলেন, “আরএসএস মনে করে, বিশ্ব মানবতা এক। এই উপলব্ধি থেকেই আমাদের দায়িত্ব হলো সারা বিশ্বে গিয়ে সবাইকে বলা যে, নানা বৈচিত্র্য থাকা সত্ত্বেও আমরা সবাই এক।”

ভাগবত বলেন, “মুসলিম ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছেন, আপনারা তো হিন্দু সংগঠন এবং হিন্দু রাষ্ট্রের কথা বলেন। তাহলে আমাদের মুসলিমদের কী হবে? আপনারা কি আমাদের দেশ থেকে বের করে দেবেন? আমি বলেছি, না। এটা হিন্দুত্বের শিক্ষা নয়। কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাহলে তিনি আর হিন্দু থাকবেন না।”

তিনি আরও বলেন, “যেখানে শুধু ‘আমি’ এবং ‘আমার’ চিন্তা থাকে, সেখানে কোনো সমাধান নেই। সমাধান হলো ‘আমরা’ এবং ‘আমাদের’ ভাবনা।”

আরএসএসের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ভাগবত বলেন, “আমরা সেবা করি। সেবা করার সময় আমরা কোনো ধরনের বৈষম্য দেখি না। যার প্রয়োজন, আমরা তারই সেবা করি। সমাজের সহযোগিতায় আমাদের স্বয়ংসেবকরা এক লাখ ৩০ হাজার সেবামূলক প্রকল্প পরিচালনা করছেন। তারা সর্বত্র এবং সবার জন্য সমানভাবে সেবা করেছেন।”

আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে বৈশ্বিক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছান মোহন ভাগবত। তাঁর এই সফরে কানাডা ও যুক্তরাজ্যও রয়েছে।

যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় ৫ হাজার মানুষের সমাবেশে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সূত্র : দ্য ডেইলি সিয়াসত

Home R3