১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান

মার্কিন বাহিনীকে ইরানের বীর সেনাদের মুখোমুখি লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতেই তেহরান ওয়াশিংটনের কাছে কখনো আত্মসমর্পণ করবে না। তাঁর অভিযোগ, সামরিক বাহিনীকে এড়িয়ে মার্কিন বাহিনী এখন অনৈতিকভাবে সরাসরি ইরানের নিরস্ত্র বেসামরিক জনগোষ্ঠীকে নিশানা বানাচ্ছে।

রোববার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান লেখেন, “যদি মার্কিনিরা নিজেদের প্রকৃত যোদ্ধা মনে করে, তবে তারা যেন আমাদের বীর সেনাদের মোকাবেলা করে। তা না করে কেন তারা আমাদের বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে? মানবিকতা থাকলে কেন নিরীহ মানুষকে খাদ্য ও জরুরি ওষুধ থেকে বঞ্চিত করা হচ্ছে?”

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ধরনের ঔদ্ধত্য কিংবা গুণ্ডামির কাছে ইরানি জনগণকে পদানত করা সম্ভব নয়, ইরান কখনোই নতিস্বীকার করবে না।

টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হলেও ইরানের প্রধান সমুদ্রবন্দরগুলোর ওপর কঠোর নৌ অবরোধ বজায় রেখেছে মার্কিন বাহিনী। এর ফলে দেশটিতে খাদ্য, জরুরি ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় মানবিক পণ্য প্রবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পেজেশকিয়ানের সাম্প্রতিক বার্তায় মূলত ওয়াশিংটনের এই নির্মম অবরোধেরই কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালি কার্যত অচল করে রেখেছে। সংঘাত শুরুর পূর্বে এই আন্তর্জাতিক জলপথ দিয়ে যে পরিমাণ বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করত, ইরানি কড়াকড়ির কারণে বর্তমানে তা ব্যাপকভাবে কমে এসেছে।

Home R3