বাংলাদেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা সোমবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে।
রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।
নতুন দরে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এর আওতায় প্রতি মাসে আমদানি ব্যয় বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়। তবে চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের শুরুতে দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। পরে ১৯ এপ্রিল থেকে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল।