২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্বের সঙ্গে এবার ফিলিস্তিনিদের পাশে ইউরোপীয় ইউনিয়ন

অধিকৃত পশ্চিম তীরের অত্যন্ত সংবেদনশীল ‘ই-১’ এলাকায় ইসরাইলের ১ হাজার ২০০-র বেশি নতুন বসতি নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পশ্চিমা মিত্র ও মুসলিম বিশ্ব। ইসরাইল এই প্রকল্পে কাজ শুরু করলে তাদের ওপর বাণিজ্য, শিক্ষা, নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রে বহুমুখী নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইইউ। আল জাজিরা ও গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত মঙ্গলবার পূর্ব জেরুজালেমের পূর্বে অবস্থিত ই-১ এলাকায় ১ হাজার ২৩৪টি নতুন আবাসিক ইউনিট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে ইসরাইলের নির্মাণ ও আবাসন মন্ত্রণালয়। এ ঘটনার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দার ঝড় বইছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে এক যৌথ বিবৃতিতে এই প্রকল্পকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে অবিলম্বে দরপত্র ও পরিকল্পনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে বলেছে, এ ধরনের অবৈধ বসতি নির্মাণ প্রকল্পে যুক্ত হলে আইনি জটিলতা ও ব্যবসায়িক সুনামহানির ঝুঁকি তৈরি হবে। এছাড়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইসরাইলের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য।

এদিকে মুসলিম দেশগুলোর শীর্ষ সংস্থা ‘মুসলিম ওয়ার্ল্ড লীগ’ (এমডব্লিউএল) ইসরাইলের এই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এ ধরনের একতরফা পদক্ষেপ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথকে স্থায়ীভাবে বাধাগ্রস্ত করবে।

প্রায় ১২ বর্গকিলোমিটার আয়তনের বিতর্কিত ‘ই-১’ এলাকাটি পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের সংযোগস্থলে অবস্থিত। ফিলিস্তিনিরা আশঙ্কা করছেন, এখানে ইসরাইলি বসতি গড়ে উঠলে পশ্চিম তীর ভৌগোলিকভাবে উত্তর ও দক্ষিণ—এই দুই ভাগে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে ভবিষ্যতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ভৌগোলিক অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা কার্যত ধ্বংস হয়ে যাবে।

Home R3