অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তরুণ আলেম ও লেখক মাওলানা আইনুল হক কাসেমী।
শনিবার (২৩ মে) আদালতের জামিনে তিনি মুক্তি লাভ করেন।
এর আগে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর মাদরাসায় পাঠদানকালে তাকে র্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়। পরে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মাওলানা আইনুল হক কাসেমী সিলেটের জকিগঞ্জ উপজেলার কেছরী গ্রামের বাসিন্দা। তিনি একটি আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা শফিকুল হক জকিগঞ্জের জামেয়া ছায়িদিয়া মাইজকান্দি মাদরাসার সাবেক মুহতামিম ছিলেন।
মাওলানা আইনুল হক কাসেমী একজন মেধাবী আলেম ও লেখক হিসেবে সমাদৃত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়।
উল্লেখ্য; গত বছরের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ওই ঘটনায় দায়ের করা মামলায় আইনুল হক কাসেমীকে আসামি করা হয়। তবে তিনি এ ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
তার মুক্তির দাবিতে হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন সংগঠন বিবৃতি দেয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার মুক্তির দাবি জানান।