২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন জাকির নায়েক

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-এর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক।

ছবিতে দুজনকেই টুপি পরিহিত ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। তবে ছবিটি কোথায় তোলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন মিরাজ। ধারণা করা হচ্ছে, সেখানেই জাকির নায়েকের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং ছবিটি তোলা হয়।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।” তবে শুরুতে জাকির নায়েক ভুল করে মিরাজকে নাজমুল হোসেন শান্ত হিসেবে উল্লেখ করেছিলেন, পরে তা সংশোধন করা হয়।

উল্লেখ্য, ভারতের নাগরিক জাকির নায়েকের বিরুদ্ধে ২০১৬ সালে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনে ভারত সরকার। এরপর তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।