প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ‘বুঙ্গা রায়া কমপ্লেক্সে’ তাকে ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরে বিশেষ মোটর শোভাযাত্রায় তাকে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নেওয়া হয়। পুরো রুটজুড়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ২৩ সদস্যের প্রতিনিধি দল রয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন।
সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুই দেশের প্রতিনিধি পর্যায়ের আলোচনা এবং যৌথ সংবাদ সম্মেলন হবে।
সফরে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। সফর শেষে তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন।