হরমুজ প্রণালী দিয়ে ভ্রমণকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া, ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠার অনুমতি না দিতে ক্যাপ্টেনদের আহ্বান জানানো হয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সোমবার এই নির্দেশিকা জারি করে মার্কিন নৌ প্রশাসন। এতে বলা হয়, হরমুজ প্রণালীতে পূর্ব দিকে যাতায়াতের সময়, মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকে ওমানের আঞ্চলিক সমুদ্রের কাছাকাছি যাতায়াতের পরামর্শ দেয়া হচ্ছে।
পারমাণবিক কর্মসূচি ইস্যুতে শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনার পর এসব পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এর আগে, জানুয়ারিতে হরমুজ প্রণালীতে নৌ মহড়া পরিচালনা করে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।