মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন মার্কিন সেনাসদস্য এবং ৩ জন বেসামরিক ঠিকাদার রয়েছেন।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সংঘটিত এই হামলায় আহতরা তুলনামূলকভাবে সামান্য আঘাত পেয়েছেন এবং ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তারা নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন।
ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবেই কুয়েতের ওই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি কুয়েতি প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরান অঞ্চলজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলাচলও ব্যাহত হয়।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি