২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি সিরাজগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সুমন কর্মকার তার আবেদন মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে হাজির হন। পরে দুটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল এক জনসভায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর কর্নেল বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই দিন আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন।

তবে নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় ২১ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

পরবর্তীতে আদালতে আত্মসমর্পণ ও শুনানি শেষে তাকে স্থায়ী জামিন প্রদান করা হয়।

Home R3