আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বরাদার দেশটির জনসাধারণের মধ্যে ইসলামি শাসনব্যবস্থার গুরুত্ব ও আফগানিস্তানের জাতীয় স্বার্থ সুরক্ষার প্রয়োজনীয়তা আরও দৃঢ়ভাবে তুলে ধরতে আলেম সমাজের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আফগানিস্তানে ধর্মীয় শিক্ষা এবং পবিত্র জিহাদের ধারণা মাদরাসা থেকেই উৎসারিত হয়েছে। পরবর্তীতে এটি গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তা ব্যাপক প্রতিরোধে রূপ নিয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) কাবুলের প্রসিদ্ধ দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফাতহ আল-উলূমে পাগড়ি প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মোল্লা বরাদার বলেন, ধর্মীয় দায়িত্ব শেখানোর পাশাপাশি আলেমদের উচিত ইসলামি ব্যবস্থা এবং জাতীয় ঐক্য রক্ষার বিষয়ে মানুষের মধ্যে দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করা।
তিনি মাদরাসাগুলোকে মুসলিম সমাজে ধর্মীয় শিক্ষা, নৈতিক প্রশিক্ষণ, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং ইসলামি আন্দোলনের পবিত্র ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
বরাদার আরও বলেন, সমাজের বুদ্ধিবৃত্তিক সংস্কার, তিনি যাকে অইসলামি সাংস্কৃতিক প্রভাব হিসেবে উল্লেখ করেছেন তা দূর করা, এবং ইসলামি ঐতিহ্য সংরক্ষণে মাদরাসার ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি জোর দিয়ে বলেন, যে কোনো পরিস্থিতিতেই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের মূল লক্ষ্য ও মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
সূত্র : আরিয়ানা নিউজ