ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে, মধ্যপ্রাচ্যে একটি ‘নতুন আঞ্চলিক ব্যবস্থার’ সূচনা হয়েছে, যার ফলে বিদেশি পরাশক্তিগুলো এই অঞ্চলে তাদের প্রভাব দ্রুত হারাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই দাবি করেন।
গালিবাফ তাঁর বার্তায় লিখেছেন, আমেরিকা এখন এই অঞ্চল থেকে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের জ্যেষ্ঠ কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের আত্মত্যাগ ও ‘পবিত্র রক্তের’ ফসল হিসেবে বর্ণনা করেছেন। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় তাঁরা দুজনই নিহত হয়েছিলেন।
গালিবাফ আরও উল্লেখ করেছেন যে, এই নতুন আঞ্চলিক বাস্তবতায় দেশগুলোর পারস্পরিক সম্পর্কে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত হ্রাস পাচ্ছে। পাশাপাশি ইসরাইলের ‘নদী থেকে সাগর পর্যন্ত’ আধিপত্য বিস্তারের যে পরিকল্পনা ছিল, তা এখন শুধুই অলীক কল্পনায় পরিণত হয়েছে।