বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রারিসহ ৪টি গুরুতর অভিযোগ করেছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। এর মধ্যে ২টি অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বাধীন অনুসন্ধান কমিটি।
অতি সম্প্রতি জাহানারা ইস্যুতে নিজেদের রিপোর্ট বিসিবি বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেয় ৫ সদস্যের তদন্ত কমিটি। কমিটির রিপোর্ট জমাদানের শেষ সময় কয়েক দফায় বাড়ানোর পর অবশেষে ৩১ জানুয়ারি করা হয়েছিল।
এবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির রিপোর্টের তথ্য প্রকাশ করেছে বিসিবি। জাহানারার আনা ৪ অভিযোগের মধ্যে ২টি প্রমাণিত হয়নি। বাকি ২ অভিযোগে নারী দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মোহাম্মদ মনজুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বিসিবি। এই ব্যাপারে বিসিবির আইনি দলকে সম্পৃক্ত করে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে ক্রিকেট বোর্ড।
প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগুলো পর্যালোচনার জন্য গঠিত স্বাধীন অনুসন্ধান কমিটির প্রতিবেদন ও সুপারিশ গ্রহণ করেছে।’