ফাইল ছবি
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও আঞ্চলিক সংঘাতের সম্পূর্ণ ঊর্ধ্বে রাখার জোর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে চরমোনাই পীর বলেন, হারামাইন শরিফাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন এবং ঈমানের চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা কোনো একক দেশের সংকীর্ণ রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়। ফলে পবিত্র দুই নগরীর সম্মান, শান শওকত ও নিরাপত্তাকে যে কোনো রাজনৈতিক সংঘাত থেকে নিরাপদ রাখা মুসলিম উম্মাহর সবচেয়ে বড় দায়িত্ব।
মুফতী রেজাউল করীম উল্লেখ করেন, মঙ্গলবার মক্কা ও মদিনায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে গোটা মুসলিম বিশ্বে চরম উৎকণ্ঠা ও উদ্বেগের সৃষ্টি হয়। তবে স্বস্তির বিষয় হলো, ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি তৈরি না করার বার্তা পাওয়া গেছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের এই ইতিবাচক অবস্থানে অটল থাকার আহ্বান জানান তিনি।
ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের অভিভাবকত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেহেতু মক্কা ও মদিনার রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব সৌদি সরকার পালন করছে, সেহেতু এমন কোনো রাজনৈতিক বিরোধে তাদের জড়িয়ে পড়া অনুচিত, যার কারণে পবিত্র এই দুই নগরীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। শুধু নিরাপত্তা বজায় রাখাই নয়, মক্কা, মদিনা এবং সামগ্রিক জাজিরাতুল আরবের পবিত্র মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখাও সৌদি কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব।
হারামাইনের নিরাপত্তার বিষয়ে একাত্মতা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তার প্রশ্নে যেকোনো প্রয়োজনে বাংলাদেশের আপামর তৌহিদি জনতা সব সময় অভিভাবক ও রক্ষকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।