ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর পূর্বাঞ্চলের তেলুকনাগা এলাকার কাছাকাছি অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, শক্তিশালী এই ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের বেশ গভীরে। ইউএসজিএস জানিয়েছে, কেন্দ্রস্থলটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল।
ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো বিপর্যয় সৃষ্টি হয়নি। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।